পুঁজিবাজার নিয়ে দায় স্বীকারকারী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছেন বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। একই সঙ্গে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ এনে তিনি ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন। দেশের সর্বশেষ রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে স্বদেশ জাগরণ সংঘের ‘আধিপত্যবাদী আগ্রাসন ও একদলীয় অপশক্তির বিরুদ্ধে লড়াই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন বলে একটি বেসরকারি টিভি চ্যানেল সূত্রে জানা যায়।
আলোচনায় বক্তরা অভিযোগ করেন, জিনিসপত্রের চড়া দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন কারণে দেশের মানুষ এখন ভালো নেই। তাঁদের দাবি সরকার এসব নিয়ে ভাবছে না, যার প্রমাণ শেয়ারবাজারে মিলেছে।
প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ বলেন, একশ্রেণীর লোক সম্প্রতি শেয়ারবাজার থেকে নয় হাজার কোটি টাকা লুট করেছে। এ লুটপাটের জন্য দায়ী তাঁরাই, যাঁরা এ ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং এর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
মওদুদ আরও বলেন, এ ভুল সিদ্ধান্তের সঙ্গে জড়িত অর্থমন্ত্রী ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। একই সঙ্গে পদত্যাগ করার পর তাঁদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলেও তিনি দাবি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন